লকডাউনে খাদ্যসহায়তার দাবি গাইবান্ধার শ্রমজীবীদের

গাইবান্ধা প্রতিনিধি

লকডাউন কার্যকর করতে দিন এনে দিন খাওয়া শ্রমজীবী মানুষের ঘরে ঘরে খাদ্য ও নগদ অর্থ সহায়তা এবং অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনের আওতায় আনার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঝাউবাড়ী শাখার উদ্যোগে সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের ঝাউবাড়ীতে এ মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, গাইবান্ধা সদর উপজেলা সিপিবির সভাপতি ছাদেকুল ইসলাম, দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।  বক্তরা অগ্রাধিকার ভিত্তিতে শ্রমজীবী মানুষের ভ্যাকসিনের আওতায় আনা ও গাইবান্ধা জেনালের হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহসহ হাইফ্লো ন্যাজাল ক্যানোলার ব্যবস্থা এবং করোনা রোগীর জন্য আইসিইউ স্থাপনেরও দাবি জানান।