উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ায় দাঁতের ভুয়া চিকিত্সকের উত্পাত বেড়েছে। চিকিত্সার নামে অপচিকিত্সার খপ্পরে পড়ে আক্রান্ত রোগীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। বটতলী গ্রামের ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, তার স্ত্রী দাঁতের যন্ত্রণা সহ্য করতে না পেরে উখিয়া শ্মশান রোডের এক ফার্মেসিতে যায়। ঐ ফার্মেসির এক চিকিত্সক তার একটি দাঁত ফেলে সাময়িক ব্যথা উপশমের ওষুধ দিয়ে সাড়ে ৫ হাজার টাকা নেয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, চিকিত্সার নামে অবৈধভাবে যারা প্রতারণা করছে তাদের বিরুদ্ধে শিগিগরই অভিযান চালানো হবে।