বদরগঞ্জে নদীতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

বদরগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর রমজান আলি (১৩) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার লোহানীপাড়া ইউপির নাগেরহাটের স্লুইস গেট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত বুধবার দুপুরে রমজান আলি যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। রমজান লোহানীপাড়া ইউপির পেশকারপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কাঁচাবাড়ি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রমজান আলি বন্ধু সাজিদ ইসলামের সঙ্গে বুধবার দুপুরে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। শুক্রবার ভোরে লোহানীপাড়ার নাগেরহাটের স্লুইস গেট এলাকা হতে তার লাশ উদ্ধার করা হয়। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, স্কুলছাত্র রমজান আলির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।