আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
অবশেষে ইটের সোলিং দিয়ে বগুড়া-নওগাঁ মহাসড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। বুধবার থেকে সড়ক ও জনপথ (সওজ) কাজটি শুরু করেছে। এর আগে গত ৬ জুলাই ‘চার বছরেও শেষ হয়নি বগুড়া-নওগাঁ মহাসড়ক সংস্কার’ শিরোনামে সংবাদ দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়। এর পরপরই বগুড়া সড়ক ও জনপথ বিভাগের টনক নড়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়া-নওগাঁ মহাসড়কটি নতুন করে সংস্কার কাজের শুরু হয় ২০১৭ সালের শেষের দিকে। সেই থেকে সংস্কার কাজ শুরু হলেও দীর্ঘ চার বছরেও কাজটি সমাপ্ত করতে পারেনি নাভানা কোম্পানি। বেশকিছু অংশ সংস্কার কাজ শেষ হলেও আদমদীঘি উপজেলা গেটের সামনে, ব্রিজের কাছে পূর্ব ঢাকা রোড থেকে পশ্চিম ঢাকা রোড পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের পিচঢালাই পাথর তুলে ইটের খোয়া-বালু বিছানোর পর পড়ে থাকে সড়কটি। খানাখন্দে, ছোট-বড় গর্ত হয়ে সড়কটিতে যানবাহন চলাচলসহ ভোগান্তির শিকার হতে হয় পথচারীদের।
বগুড়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, বগুড়া-নওগাঁ মহাসড়কটি নাভানা কোম্পানি ২০১৭ সালে ঠিকাদারি পেয়েছিল। কাজ করতে না পারায় গত ৬ জুন চুক্তি বাতিল করা হয়েছে। এখন বর্ষাকালে যানবাহন ও মানুষের চলাচলের দুর্ভোগ লাঘব করতে এসবিবি প্রকল্পের প্রায় কোটি টাকা ব্যয়ে বুধবার থেকে এই মহাসড়কে ইট সোলিং কাজ করা হচ্ছে। নতুন করে টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জরুরি ভিত্তিতে মহাসড়কের সংস্কারের কাজ শেষ করা হবে।