বুড়িমারীতে বাংলাদেশ-ভারত যৌথসভায় সিদ্ধান্ত
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে জিরোপয়েন্টে বাংলাদেশ-ভারত কাস্টমস্ কর্মকর্তা ও ব্যবসায়ীদের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী সভা অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনায় উভয় দেশের কাস্টমস্ কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা সভায় একমত হন। সভায় সভাপতিত্ব করেন বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল। সভায় উভয় দেশের কর্তৃপক্ষ, ব্যবসায়ীরা করোনা ভাইরাস পরিস্থিতিতে পণ্যবাহী গাড়ি সকাল ৭টা থেকে দুপুর ২টার মধ্যে আনা-নেওয়া করা, যতদ্রুত সম্ভব ভারতীয় গাড়িগুলোর মালামাল খালাস করে ফিরে যাওয়া, গাড়িচালকদের মাস্ক ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার, শুকনা খাদ্য নিয়ে গাড়িতে অবস্থান করা, তাত্ক্ষণিক যোগাযোগ বৃদ্ধি, বাংলাদেশি ব্যবসায়ীদের দায়িত্বপূর্ণভাবে গাড়ি লোড-আনলোড করার ব্যাপারে একমত হন। আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমীন বাবুল বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশনে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখতে উভয় দেশের কাস্টমস্ কর্মকর্তা ও ব্যবসায়ীরা যৌথসভায় একমত হন।