রাণীনগর হাসপাতালে যুক্ত হলো সেন্ট্রাল অক্সিজেন সুবিধা

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যোগ হলো সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সুবিধা। নতুন করে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সেবা চালু হওয়ায় বিশেষ করে করোনা আক্রান্ত রোগীদের চিকিত্সাসেবা প্রদানে আরো এক ধাপ এগিয়ে গেল হাসপাতালটি। বৃহস্পতিবার বিকালে করোনা রোগীদের জন্য ১৬ চ্যানেল বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ মো. আনোয়ার হোসেন হেলাল প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপসচিব ড. ইউনুছ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খান প্রমুখ।