তুর্কি ধারাবাহিক ‘এলিফ’

 

আজ দীপ্ত টিভিতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে তুর্কি ধারাবাহিক ‘এলিফ’। এক দুঃখী বালিকার অশ্রুঝরা গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিকটি। নানা চড়াই-উত্রাই পেরিয়ে নিজ বাড়িতেই যাকে আশ্রিতার পরিচয় নিয়ে বাঁচতে হয়। একদিকে আশ্রিতা হয়ে এলিফের বেঁচে থাকার লড়াই, অন্যদিকে নিষ্ঠুর সত্ বাবা বেইসেলের সংসারে মা মেলেকের জীবন সংগ্রামই এই ধারাবাহিকের মূল উপজীব্য। গল্পে দেখা যাবে, মেয়েটি তার মায়ের গর্ভে আসতেই যেন দুর্ভাগ্য নিয়ে এসেছে। পারিবারিক আভিজাত্যের অহমিকা এবং পূর্ব শত্রুতার জেরেই এলিফের দাদী তার বাবা-মায়ের বিয়ে মেনে নেয় না। শাশুড়ির হুমকির মুখে অন্তঃস্বত্ত্বা মেলেক স্বামী কেনানকে কিছু না বলেই বাড়ি ছাড়তে বাধ্য হয়। পরে সন্তানের কথা ভেবে মেলেক বেইসেল নামের এক মধ্যবয়সী লোককে বিয়ে করে। কিন্তু অভাগার ভাগ্য ফেরায় কে? নিষ্ঠুর জুয়াড়ি বেইসেলের পাশবিক অত্যাচারে মেলেক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এদিকে বেইসেল জুয়ার টাকার দায় এড়াতে এলিফকে শিশু পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়। কিন্তু ঘটনাচক্রে মেলেক তা জেনে যায়।