উত্তর কোরিয়াকে ফের টিকা দেওয়ার প্রস্তাব রাশিয়ার

উত্তর কোরিয়ায় চলমান কঠোর লকডাউনের ফলে তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশটিতে আবারও টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। এর আগে চীন ও দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশের টিকা ও খাদ্য-সহায়তা প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। রয়টার্স

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ না নিয়ে সীমানা বন্ধ করে দিয়েছে দেশটি। এর ফলে চীনের সঙ্গে তাদের বাণিজ্যে প্রভাব পড়ছে। অন্যদিকে পিয়ংইয়ং খাদ্য, সার ও জ্বালানির জন্য বেইজিংয়ের ওপর অনেকটাই নির্ভরশীল। এদিকে কিম জং উন নিজেই উদ্বেগ প্রকাশ করে খাদ্য ঘাটতির কথা স্বীকার করেছেন। গত মাসে তিনি উত্তর কোরিয়ার নাগরিকদের যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে বলেছিলেন। আন্তর্জাতিক বাণিজ্য নিষেধাজ্ঞার কারণেই তাদের খাদ্য সরবরাহের ওপর আরো চাপ পড়েছে বলে মনে করা হয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, মস্কো টিকা দেওয়ার জন্য পিয়ংইয়ংকে প্রস্তাব দিয়েছে। উত্তর কোরিয়ায় করোনা মাহামারির শুরু থেকেই তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই সংকটের তীব্রতা বোঝা যাবে। বিভিন্ন প্রতিবেদনে দেশটিতে খাদ্যসংকটের চিত্র ফুটে উঠেছে এবং বলা হয়েছে কিম জং উন সেনাবাহিনীকে খাদ্য বিতরণের নির্দেশ দিয়েছেন।