কেরানীগঞ্জ (ঢাকা) সাংবাদদাতা
কেরানীগঞ্জে ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির সময় মনির নামে একজনকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানাপুলিশ। গতকাল রোহিতপুর ইউনিয়নের লাখিরচর মেইল গেইট এলাকায় চাঁদাবাজির সময় এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ সময় তার সঙ্গে সাংবাদিক পরিচয়দানকারী অন্য দুই জন পালিয়ে যায়। তবে তাদের ব্যবহার করা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-১৫ ১৩৩৫) ও কিছু কাগজপত্র জব্দ করা হয়।
ভুক্তভোগী রিয়াজুল জানান, গতকাল এ চক্রটি তার খাবারের হোটেল থেকে ৪০ হাজার টাকা জরিমানা হিসেবে আদায় করে। তার কাছে টাকা না থাকায় তিনি ঋণ করে এ টাকা প্রতারকদের পরিশোধ করেন। অন্য ভুক্তভোগী তাইজুল ইসলাম জানিয়েছেন, তার মুদি দোকান থেকে ২০ হাজার এবং অন্য দোকানদারের কাছ থেকে ২ হাজার, ৪ হাজার টাকা করে বহু টাকা আদায় করে। এছাড়া নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরী, লাখিরচর ব্রিজ এলাকায়ও চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর কাছ থেকে খবর শুনে দ্রুত ঘটনাস্থলে আসেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল। তিনি প্রতারককে ধরে পুলিশে সোপর্দ করায় এলাকাবাসীকে ধন্যবাদ জানান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সাধারণত স্থানীয় পুলিশ ও সরকারি লোকবল ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় না। পরবর্তী সময়ে সবাইকে সাবধান থাকা এবং অনুরূপ কোনো সন্দেহ হলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। এ ব্যাপারে গতকাল বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।