ইত্তেফাক রিপোর্ট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং সেবার মান বৃদ্ধি ও কার্গো হ্যান্ডলিং চার্জ কমানোর জন্য বাংলাদেশ বিমানকে অনুরোধ করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামালের সঙ্গে এ বিষয়ে সংগঠনটির নেতারা সাক্ষাত্ করেন।
বিজিএমইএ প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি ফারুক হাসান, সহসভাপতি মো. শহিদউল্লাহ আজিম, পরিচালক তানভির আহমেদ ও সাবেক পরিচালক আশিকুর রহমান তুহিন প্রমুখ। এ সময় বিজিএমইএ সভাপতি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং ক্ষেত্রে কিছু অব্যবস্থাজনিত সমস্যার কারণে বর্তমানে পোশাকশিল্পের আমদানি ও রপ্তানির স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এজন্য আন্তর্জাতিক এ বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং সেবার মান বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন তারা।