মারাকানায় ফুটবলের শোডাউন কাল মেসি-নেইমার যুদ্ধ

সোহেল সারোয়ার চঞ্চল

দুনিয়ার অন্যতম সেরা এবং ঐতিহাসিক স্টেডিয়ামে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আগামীকাল ভোর ৬টায় ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে। ইউরো এবং কোপা একই সময়ে চলছিল। আর বিধিনিষেধের এই সময় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকায় সময়টাও ছিল অফুরন্ত। ইউরো বাংলাদেশের সময়ে রাতে বসে খেলা দেখা গেলেও কোপা হচ্ছিল গভীর রাতে, ভোরে। যে কারণে শুরুতে বাংলার ফুটবল দর্শকের কাছে কোপার চেয়ে ইউরোর আলোচনা ছিল বেশি। ইউরোয় যখন রোনালদো, এমবাপে, পল পগবা, বেঞ্জামা, গ্রিজম্যান, লুকা মদ্রিচ, ডি ব্রুয়েন, রোমেলু লুকাকুরা একে একে বিদায় নিচ্ছিলেন আর কোপায় ব্রাজিল-আর্জেন্টিনা নকআউটের হার্ডল পেরিয়ে উঠে আসছিল, তখনই নজর যায় ১৫ হাজার কিলোমিটার দূরে। বাংলাদেশের ফুটবল দর্শক কোপা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।

ফাইনালে উঠে নেইমার বলেছিলেন, ‘আমরা চাই আর্জেন্টিনা ফাইনালে উঠুক। আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে আমাদের বন্ধুত্বটা দারুণ। আমার বন্ধুরা যদি ফাইনালে উঠে আমি খুশিই হব। তবে আমি আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চাই।’ নেইমারের এসব কথা শুনে পালটা জবাবে মেসি বলেছেন,‘ নেইমার কেন আমাদের সমর্থনের কথা বলেছেন সেটা আমরা ভালোভাবে বুঝি। আসলে আমরা দুই জন ভালো বন্ধু। তাই নেইমার আমাদের ফাইনালে ওঠা মন থেকেই চেয়েছে। তাই বলে মাঠে নেমে বন্ধু বন্ধুকে খাতির করবে না।’

কোপা আমেরিকার এই টুর্নামেন্টটিকে বলা হয় ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ। ১৯১৬ সালে প্রথম আসর। এরপর সময়ের সে াতে আজ কোপার ৪৭তম আসর। টুর্নামেন্টের শুরু হতেই ব্রাজিল-আর্জেন্টিনা খেলে আসলেও এখন পর্যন্ত কোপার ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছিল তিন বার। আজ চতুর্থ বার ফাইনালে মুখোমুখি হবে। প্রথম বার ১৯৩৭ সালে, এরপর ২০০৪ এবং ২০০৭, কোনো বারই আর্জেন্টিনা জিততে পারেনি। আজ সেই সুযোগ এসেছে আর্জেন্টিনার সামনে।

ফুটবল দুনিয়ায় সবচেয়ে বড় দুই তারকা আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা এবং ব্রাজিলের পেলে। তাদের পর মেসি-নেইমার বিশ্ব ফুটবলের উচ্চ আসনে। আর্জেন্টিনা কোপায় চ্যাম্পিয়ন হয়েছে ১৪ বার, ব্রাজিল ৯ বার। মেসি কিংবা নেইমার, এই দুই জন তাদের দেশকে কোপার ট্রফি উপহার দিতে পারেননি। ব্রাজিল বর্তমান চ্যাম্পিয়ন। ইনজুরির কারণে গত আসরে খেলেননি নেইমার। আর্জেন্টিনা শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৯৩ সালে। আলসেলেবেস্তিদের সামনে কোপা খরা কাটানোর দিন আজ। সেই সঙ্গে মেসির যত বদনাম আছে তাও মুছে দিতে পারে একটা ট্রফি। কোপা আয়োজনে ব্যত্যয় ঘটলেও যদি ধারা অনুযায়ী চার বছর পর হয় তাহলে মেসি এবং নেইমারের জন্য এটা হতে পারে কোপার শেষ আসর।

দুই দেশ মাঠে লড়াই করবে। অথচ দুই দেশের সবচেয়ে বড় দুই তারকা নেইমার-মেসিকে নিয়েই ফুটবল মহলে যত আলোচনা। তারাই সব ফোকাস লুটে নিয়েছেন আপন নৈপুণ্যে। কোপা আমেরিকায় চাপে আছে আর্জেন্টিনার মেসি। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির ঘরে এমন কোনো ট্রফি নেই যে মেসি জয় করেনি। বার্সেলোনার জার্সি গায়ে জনপ্রিয় সব টুর্নামেন্টের ট্রফি তুলেছেন মেসি। প্রশ্ন ওঠে, মেসি সবই পেয়েছেন। দেশকে কি দিয়েছেন? তার হাত ধরে আজও আর্জেন্টিনা কোনো বড় ট্রফি জিতেনি। একই প্রশ্ন আছে নেইমারের বেলায়। ব্রাজিলকে কয়টা ট্রফি দিয়েছেন? এসব ইতিহাস ভুলে ফুটবল যুদ্ধে জয়ের ছক কষছেন ব্রাজিলের কোচ তিতে এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালানিও।