অবশেষে অ্যাম্বুলেন্স পেল মির্জাপুরবাসী

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

অবশেষে দীর্ঘ এক যুগ পর সরকারি অ্যাম্বুলেন্স পেল মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ আনুষ্ঠানিকভাবে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানমের কাছে সরকারি অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করে। শুক্রবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন জামুর্কি এলাকায় ৩০ শয্যাবিশিষ্ট মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি অবস্থিত। ২০০৯ সালে হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনাকবলিত হয়ে দুমড়েমুচড়ে যায়। এর পর থেকে রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিত্সা নিতে এসে অ্যাম্বুলেন্স না পেয়ে বিড়ম্বনার শিকার হন এবং বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেন এমপির প্রচেষ্টায় সরকারি অ্যাম্বুলেন্স পাওয়ায় মির্জাপুরবাসী এখন অনেক উপকৃত হবেন।