ইত্তেফাক ডেস্ক
বিশ্বে প্রতিদিন ক্ষুধায় ১১ জনের মৃত্যু হচ্ছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে। এই সংখ্যা করোনা ভাইরাসে মৃতের চেয়েও বেশি। দুর্ভিক্ষের মতো অবস্থায় রয়েছে এমন মানুষের সংখ্যা এক বছরে ৬ গুণ বৃদ্ধি পেয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। খবর স্কাই নিউজের
গতকাল শুক্রবার প্রকাশিত ‘দ্য হাঙ্গার ভাইরাস মাল্টিপ্লাইস’, শীর্ষক ঐ রিপোর্টে সংস্থাটি বলছে, বিশ্বে করোনায় প্রতিদিন যত মানুষ মারা যাচ্ছে, এর চেয়ে বেশি মারা যাচ্ছে ক্ষুধায়। করোনায় যেখানে মিনিটে সাত জনের মৃত্যু হচ্ছে, সেখানে ক্ষুধায় মারা যাচ্ছে ১১ জন। এ নিয়ে অক্সফাম আমেরিকার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অ্যাবি ম্যাক্সম্যানবলেন, এই পরিসংখ্যান অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই মানুষগুলো অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। এমনকি একজন মানুষের কষ্টও অনেক গুরুত্বপূর্ণ। গত বছর প্রকাশিত এক প্রতিবেদনে অক্সফাম সতর্ক করেছিল, করোনার প্রাদুর্ভাব বিশ্বের ক্ষুধা সংকটকে আরো খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। করোনার সামাজিক ও অর্থনৈতিক বিরূপ প্রভাবে সৃষ্ট ক্ষুধায় প্রতিদিন ১২ হাজার মানুষ মারা যেতে পারে।