ইত্তেফাক ডেস্ক
হাইতির প্রেসিডেন্ট জোভনেল মোইজেকে হত্যাকারীরা বিদেশি হিট স্কোয়াডের সদস্য। ইতিমধ্যে কলম্বিয়ার ১৫ জন এবং যুক্তরাষ্ট্রের দুই জনকে আটক করা হয়েছে। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ এই বন্দুকধারীদের ‘ভাড়াটে সেনা’ বলে বর্ণনা করছেন। কলম্বিয়া সরকারও হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতার কথা জানিয়েছে। খবর বিবিসির
৫৩ বছর বয়সি প্রেসিডেন্ট জোভনেল মোইজের ওপর অস্ত্রধারীরা কয়েক বার গুলি চালায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। ম্যাজিস্ট্রেট কার্ল হেনরি ডেসটিন স্থানীয় এক সংবাদপত্রকে জানিয়েছিলেন, প্রেসিডেন্টের দেহে মোট ১৪টি বুলেট পাওয়া গেছে। তার অফিস এবং বেডরুম তছনছ করা হয় এবং তার লাশ পড়ে ছিল চিত হয়ে, দেহ রক্তে ভেসে যাচ্ছিল। হামলায় আহত হয়েছেন ৪৭ বছর বয়সি ফার্স্ট লেডি মার্টিন মোইজে। ফ্লোরিডায় চিকিত্সাধীন মার্টিন মোইজের অবস্থা এখনো সংকটজনক। প্রেসিডেন্টের তিন সন্তান জোমারলি, জোভনেল জুনিয়র এবং জোভারলেইন নিরাপদ স্থানে আছেন বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ বলেন, এরা ছিল বিদেশি, কথা বলছিল ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় (হাইতির সরকারি ভাষা হচ্ছে ক্রিও এবং ফরাসি)। পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের পেছনে আছে একটি হিট স্কোয়াড। পুলিশ প্রধান লিওন চার্লস জানিয়েছেন, সন্দেহভাজনদের মধ্যে ২৬ জন কলম্বিয়ান এবং দুজন মার্কিন নাগরিক। ঘটনার প্রায় ঘণ্টাখানেক পরে পুলিশ এই সন্দেহভাজনদের মধ্যে ১৭ জনকে গ্রেফতার করে এবং তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। ঘটনার প্রমাণ হিসেবে তাদের পাসপোর্ট এবং হামলায় ব্যবহূত অ্যাসল্ট রাইফেল, চাপাতি এবং হাতুড়ি প্রদর্শন করা হয়। আট জন সন্দেহভাজন এখনো পলাতক। বাকি তিন সন্দেহভাজন রাজধানী পোর্ট অব প্রিন্সে পুলিশের সঙ্গে এক বন্দুকযুদ্ধে নিহত হয়। কর্তৃপক্ষের প্রকাশ করা ভিডিও ফুটেজে দেখা যায়, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং কালো পোশাক পরা বন্দুকধারীরা প্রেসিডেন্টের বাড়ির বাইরে এসে ইংরেজিতে চিত্কার করছে, ‘এটা ডিইএর (ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, যুক্তরাষ্ট্রের মাদক দমন সংস্থা) একটা অভিযান, সবাই চুপ থাকো।’
ওয়াশিংটনে হাইতির রাষ্ট্রদূত বোচিট এডমন্ড বলেন, হামলাকারীরা যুক্তরাষ্ট্রের মাদক দমন সংস্থার ছদ্মবেশে এলেও এরা যে মার্কিন এজেন্ট, সেটা তার মোটেই বিশ্বাস হয় না। রাষ্ট্রদূত এডমন্ড একটি টিভি চ্যানেল এনটিএন২৪-কে দেওয়া সাক্ষাত্কারে বলেন, প্রেসিডেন্টকে হত্যার করার এই কাজের জন্য তাদের অর্থ দিয়ে ভাড়া করা হয়েছে। আমি আশা করব তারা আসলে কার হয়ে কাজ করছিল, সেটি তারা প্রকাশ করবে।