বিশেষ প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা কনভেনশন সেন্টার ও পুলিশ কনভেনশন সেন্টার হলসহ ঢাকার পাঁচটি স্থানকে করোনা ফিল্ড হাসপাতাল করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল শুক্রবার বিকালে বিএসএমএমইউ কনভেনশন সেন্টার পরিদর্শন শেষে মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান। স্বাস্থ্য সচিব বলেন, ‘করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাজধানীর পাঁচটি স্থানে ফিল্ড হাসপাতাল স্থাপন করা হবে। ফিল্ড হাসপাতাল আমরা বড় আকারে শুরু করব। শুরু হলেই আপনার দেখতে পারবেন। আশা করি, স্বল্প সময়ে মধ্যে এই হাসপাতালগুলো চালু হবে। একই সঙ্গে করোনা ডেডিকেটেড হাসপাতালের শয্যা বাড়ানো ও জনবল পুনর্বণ্টন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত রোগীর সেবা নিশ্চিতে আমরা সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতালে অনেক শয্যা বাড়িয়েছি। ঢাকার বেসরকারি ১০টি হাসপাতালে ১ হাজার ৫০১ শয্যা বাড়ানো হয়েছে। ডিএসসিসি মার্কেটে সবচেয়ে বড় করোনা হাসপাতাল তৈরি করা হয়েছে। এখানে আইসিইউ ১ হাজার ২০০ শয্যা রাখা হয়েছে।’ এর আগে গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছিলেন, ‘আমাদের যেসব হাসপাতালে করোনার চিকিত্সা দেওয়া হচ্ছে, সেই হাসপাতালগুলোতে কীভাবে শয্যার সংখ্যা বাড়ানো যায়, জনবল কীভাবে পুনর্বণ্টন করা যায়, আমরা সেদিকে মনোযোগ দিয়েছি। এর বাইরে ফিল্ড হাসপাতাল করা যায় কি না, সে বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। প্রয়োজন হলে ফিল্ড হাসপাতাল করব।’