শ্রীলঙ্কায় ক্ষমতা আরো পাকাপোক্ত করল রাজাপক্ষে পরিবার। এবার অর্থমন্ত্রী পদে নিয়োগ পেলেন প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ভাই বাসিল রাজাপক্ষে। এ নিয়ে পরিবারের চতুর্থ ভাই এবং পঞ্চম সদস্য সরকারের গুরুত্বপূর্ণ পদে স্থান পেলেন। খবর দ্য হিন্দু ও টিআরটি ওয়ার্ল্ডের
বাসিলকে এমন সময় নিয়োগ দেওয়া হলো যখন করোনা ভাইরাসের কারণে দেশটির অর্থনীতি সংকটজনক অবস্থায়। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব এত দিন মাহিন্দা রাজাপক্ষের অধীনে ছিল। এর আগে বুধবার নির্বাচন কমিশন এক গেজেটে বাসিলকে (৭০) এমপি হিসেবে স্বীকৃতি দেয়। এমপি জয়ন্তা কাতেগোদার পদত্যাগের পর বাসিলকে সেই আসনে নির্বাচিত করে গেজেট প্রকাশ করা হয়। মাহিন্দা (৭৫) প্রধানমন্ত্রী, গোতাবায়া প্রেসিডেন্ট (৭২), তার বড় ভাই চামাল (৭৮) কৃষিমন্ত্রী, মাহিন্দার ছেলে নামাল (৩৫) ডিজিটাল প্রযুক্তি এবং উদ্যোক্তা উন্নয়নবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া সরকারের প্রশাসনের বিভিন্ন পদে পরিবারের সদস্যরা নিযুক্ত আছেন।
২০০৭ সালে মার্কিন দূতাবাসের তারবার্তায় বাসিল রাজাপক্ষেকে ‘টেন পার্সেন্ট’ বলে অভিহিত করা হয়েছিল। কারণ তিনি সরকারের বিভিন্ন কাজের ঠিকাদারি করতেন। তিনি যুক্তরাষ্ট্রেরও নাগরিক। তাই এর আগে তিনি এমপি নির্বাচনে প্রার্থী হতে পারেননি। কিন্তু পরে প্রেসিডেন্ট গোতাবায়া বাসিলের নির্বাচনে প্রার্থী হওয়ার পথে বাধা সংবিধানের ঐ ধারাটি মুছে দেন। এরপরই নির্বাচক কমিশন এক গেজেটে বাসিলকে এমপি হিসেবে উল্লেখ করে।