আওয়ামী লীগের সংগ্রামী পথচলায় সাহারা খাতুন প্রেরণার উত্স ----------------------আমির হোসেন আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও  মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেন, দেশ ও জাতির দুঃসময়, আওয়ামী লীগের সংগ্রামী পথ চলায় সাহারা খাতুন আজ ও আগামী প্রজন্মের জন্য অফুরান প্রেরণার উত্স হয়ে থাকবেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

আমির হোসেন আমু বলেন, সাহারা খাতুনের চলে যাওয়া শুধু আওয়ামী লীগের জন্য নয় জাতির জন্য অপূরণীয় ক্ষতি। সাহার খাতুনের কর্মময় জীবন থেকে আগামী প্রজন্মকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান আমির হোসেন আমু।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি শিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে এবং সুজন হালদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সনজীদা খাতুন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আইনজীবীদের সংগঠিত করতে সাহারা খাতুন যে অবদান রেখে গেছেন, তা জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে সাহারা খাতুনের নামে একটি ভবন করার প্রস্তাব করেন আনিসুল হক।

সাহারা খাতুনের কর্মময় সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বলেন, সাহারা খাতুন কর্মীদের জন্য এবং সাধারণ মানুষের জন্য সব সময় নিবেদিত ছিলেন। তার কর্মময় জীবন থেকে প্রেরণা নিতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান ডাক্তার মুরাদ হাসান।