একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো রাশিয়া

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ যাবতকালের একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭৫২ জন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, শনিবার রাশিয়ায় করোনায় ৭৫২ জন মারা গেছেন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা এক লাখ ৪২ হাজার ২৫৩ জনে পৌঁছেছে।

দেশটিতে একই দিনে দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৮২ জন। এর মধ্যে শুধুমাত্র মস্কোতেই সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬৯৪ জন। এর ফলে দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৫৮ হাজার ৩০০ জনে।

করোনায় সংক্রমণ এবং মৃত্যু বৃদ্ধি পেলেও ভ্যাকসিনের ওপর আস্থা নেই অনেক রুশ নাগরিকের। রাশিয়ার ১৪ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে মাত্র ১ কোটি ৮২ লাখ মানুষকে এখন পর্যন্ত করোনার টিকার আওতায় আনা হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ার মোট ৬০ শতাংশ জনগোষ্ঠীকে করোনাভাইরাসের টিকার পুরো ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ক্রেমলিন। 

ইত্তেফাক/এএইচপি