বিনোদন রিপোর্ট
গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পীরা যৌথভাবে গড়লেন ‘সংগীত ঐক্য বাংলাদেশ’। গতকাল দুপুর ৩টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এ সময় সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ও নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিত্ সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
সংগীত ঐক্য বাংলাদেশ-এর প্রথম কমিটির সভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা, মহাসচিব শহীদ মাহমুদ জঙ্গী, নকীব খান ও কুমার বিশ্বজিত্, অর্থ ও দফতর সচিব আসিফ ইকবাল, তথ্যপ্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সচিব হাসান আবিদুর রেজা জুয়েল, সাংস্কৃতিক সচিব বাপ্পা মজুমদার, প্রচার ও প্রকাশনা সচিব জুলফিকার রাসেল এবং নির্বাহী সদস্য মানাম আহমেদ, কবির বকুল, শওকত আলী ইমন ও জয় শাহরিয়ার।
গীতিকবি সংঘের সাংগঠনিক সম্পাদক জুলফিকার রাসেলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি বলেন, ‘এই মুহূর্তটি আমাদের সকলের জন্য অত্যন্ত মূল্যবান। কিছুদিন আগে সিঙ্গার্স অ্যাসোসিয়েশন করেছি। বিগত দিনের অভিজ্ঞতায় শিখেছি, এখন আমাদের এক হয়ে কাজ করার বিকল্প নেই।’
উল্লেখ্য, গত বছরের ৩ জুলাই দেশের প্রথমবারের মতো গঠিত হয় গীতিকবি সংঘ বাংলাদেশ। কাছাকাছি সময়ে গঠিত হয় রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং নকীব খানের নেতৃত্বে মিউজিক কমপোজার্স সোসাইটি।