আটঘরিয়ার দেবোত্তর-একদন্ত সড়ক বেহাল

দুর্ভোগে মানুষ

আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলজিইডির আওতাধীন আটঘরিয়ার দেবোত্তর-একদন্ত সড়কটি বেহাল হয়ে পড়েছে। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার তিনটি ইউনিয়নসহ আশপাশের লক্ষাধিক মানুষ। খানাখন্দের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

সরেজমিন দেখা গেছে, সড়কের কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় সড়কে দুই ধারে মাটি সরে ভেঙে গেছে। ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি, মালবাহী যানবাহন, মিনি ট্রাক ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যাচ্ছে। উপজেলার সদর দেবোত্তরবাড়ী অটো ভ্যানচালক নায়েব আলী বলেন, সড়কের উন্নয়নে কোটি কোটি টাকার বাজেট হয়। কিন্তু সড়ক ঠিক হয় না। ভাঙা রাস্তার কারণে ভ্যান টানা খুব কষ্ট হয়। একটু ভারী মাল থাকলে গাড়ি উলটে যায়। দেবোত্তর ইউনিয়নের কয়রাবাড়ী গ্রামের বাসিন্দা রঞ্জু মিয়া বলেন, দুই দিন পরপর সড়ক ঠিক করে, আবার নষ্ট হয়ে যায়। ট্রাক চলাচলের কারণে পিচ পাথর উঠে জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে। তার মধ্যে একটু বৃষ্টি আসলে সব জায়গায় পানি জমে যায়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম বলেন, উপজেলার মানুষের ভোগান্তি দেখেছি। আমি নিজেও একাধিকবার ঐ সড়ক দিয়ে চলাচল করেছি। সড়কটি এলজিইডির অধীনে। গত অর্থবছর সংস্কারের জন্য আবেদন পাঠিয়েছিলাম। অর্থের কারণে সম্ভব হয়নি। চলতি অর্থবছরে আবারও পাঠানো হবে। তবে আপাতত স্থানীয়ভাবে জনগণের ভোগান্তি লাঘবের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী এ এইচ এম রবিউল আওয়াল রিজভী বলেন, সড়কটি সংস্কারের জন্য আরটিআইপি প্রকল্পের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু অর্থ না থাকায় এ বছর সম্ভব হয়নি। তিনি বলেন, সড়কটি অনেক বড় হওয়ায় সরকারি অর্থায়নে সংস্কার করা সম্ভব নয়। পুনরায় বৃহত্তর রাজশাহী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সংস্কারের জন্য পাঠানো হয়েছে। তবে পাবনা জেলা প্রধান নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে আপত্কালীন সংস্কারের ব্যবস্থা করা হবে।