নদী পারাপারে সাঁকোই ভরসা!

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

নাগরপুরে একটি সেতুর অভাবে সাতটি গ্রামের মানুকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার পংবাইজোড়া-দেইল্লা সড়কের ধলেশ্বরীর শাখা নদীর ওপর সেতু না থাকায় ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য রিয়াজ উদ্দিন খান রাজা বলেন, ‘তিন বছর আগে স্থানীয়ভাবে এখানে একটি বাঁশের সাঁকো নির্মাণ করি। এরপর ঝুঁকিপূর্ণ ঐ সাঁকো দিয়েই চলাচল করতে হচ্ছে।’ মোকনা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান খান কোকা বলেন, সেতু নির্মাণে একাধিক প্রস্তাব পাঠানো হয়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ঐ নদীর ওপর দ্রুত ব্রিজ নির্মাণ করা হবে।