চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
চিতলমারীতে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে জ্বর, সর্দি ও কাশির প্রকোপ। পাড়া-মহল্লায় সব বয়সি মানুষ এসব রোগে আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত বেশির ভাগ রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ও গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিত্সা নিচ্ছেন। এদিকে উপজেলার হাটবাজারে গড়ে ওঠা ফার্মেসিগুলোতে প্যারাসিটামল ও অ্যান্টিবায়োটিকজাতীয় ওষুধের চাহিদা দেখা দিয়েছে। জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি অনেকে গোপন রেখে পারিবারিকভাবে গ্রাম্য চিকিত্সক দিয়ে চিকিত্সা নিয়ে ওষুধ সেবন করছেন। হোম কোয়ারেন্টাইন ও বাড়ি লকডাউন পরিস্থিতি এড়াতে করোনা আক্রান্ত কি না তা পরীক্ষা করতে চান না তারা। এতে করোনা সংক্রমণ বহু গুণে বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান জানান, সময়টা ভালো যাচ্ছে না। তাই যারা জ্বরসহ সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকা উচিত। এছাড়া ঘরে পুরোপুরি বিশ্রামে থাকার পাশাপাশি তরলজাতীয় খাবার ও ফলমূল খাওয়া এবং চিকিত্সকের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিতে পরামর্শ দেন তিনি। তিনি বলেন, আমরা রোগীদের সাধ্যমতো চিকিত্সাসেবা দিয়ে আসছি।