নীলফামারীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী শহরের নীলকুঞ্জপাড়ায় হোসেন আলী যাদু (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নিজ বাড়ির প্রবেশ দরজা থেকে তার লাশ উদ্ধার করা হয়। হোসেন আলী যাদু ঐ এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে। পুলিশ জানায়, রাতে কে বা কারা তাকে হত্যা করে। ভোরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে নিহতের বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। তবে, পারিবারিক নানা সমস্যার জেরে হোসেন আলী যাদুকে হত্যা করা হয়েছে বলে জানান এলাকাবাসী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, দুই ছেলে ও এক ছেলের স্ত্রীকে আটক করা হয়েছে।  নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ বলেন, নিহতের শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি জব্দ করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।