সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ তিন জনের মৃত্যু

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ও শনিবার সকালে এসব পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

মেহেরপুর :মেহেরপুর ব্র্যাক অফিসের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় শরিফুল ইসলাম (৫৫) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার সময় এ ঘটনা ঘটে। শরিফুল ইসলাম আবুল খায়ের টোব্যাকো কোম্পানির মেহেরপুর ডিপোতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারকে দেওয়া হবে।

গোপালগঞ্জ :গোপালগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য সোহানুর রহমানের (২৪) মৃত্যু হয়েছে। এ সময় নাজমুল হোসেন সাব্বির (২৪) নামের অপর এক পুলিশ সদস্য আহত হন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত সোহানুর রহমান কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্য ছিলেন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ তোফাজ্জেল হোসেন জানান, সোহানুর রহমান ও সাব্বির মোটরসাইকেলে করে হাইওয়ে ডিউটিতে বের হন।  সিলিন্ডার বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে সোহানুর রহমান মারা যান।

নেত্রকোনা :নেত্রকোনায় মোটরসাইকেল চাপায় শামছুল আলম (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার নেত্রকোনা-আমতলা সড়কের রুহি কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।