কোভিড টিকা নেওয়া শিক্ষক এবং ছাত্রদের আর স্কুলে মাস্ক পরার প্রয়োজন নেই। এমনই নির্দেশিকা দিয়েছে যুক্তরাষ্ট্রের ‘রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় সংস্থা (সিডিসি)। শুক্রবারের ঐ নির্দেশিকায় টিকাকরণের পর কী কী নিয়ম মেনে চলতে হবে তা বলা হয়েছে। আনন্দবাজার পত্রিকা
যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই শুরু হয়েছে ১২ বছর এবং তার বেশি বয়সি শিশু ও কিশোরদের করোনা টিকা কর্মসূচি। চলছে পুরোদম প্রচারও। সেই আবহে নয়া নির্দেশিকা প্রকাশ করে সিডিসি জানিয়েছে, ‘যেসব শিক্ষার্থী এবং শিক্ষকদের কোভিড-১৯ টিকা নেওয়ার কাজ শেষ হয়েছে, তাদের আর স্কুল চত্বরে মাস্ক পরার প্রয়োজন নেই’। সিডিসির টাস্ক ফোর্সের প্রধান ইরিন সোবার স্ক্যাজ করোনা ভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য কমার কথা জানিয়ে বলেছেন, ‘অতিমারি পরিস্থিতি এক নতুন সন্ধিক্ষণে এসে পৌঁছেছে। তাই এ সংক্রান্ত নির্দেশিকা পরিবর্তন করেছি আমরা।’ তবে কীভাবে টিকা নেওয়া এবং না নেওয়া শিশুদের চিহ্নিত করে পৃথকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, সে বিষয়েও কিছু বলা হয়নি।
গত এপ্রিলে সিডিসির কোভিড নির্দেশিকায় বলা হয়েছিল, যত দিন না দেশের ৭০ থেকে ৮৫ শতাংশ মানুষের টিকাকরণ না হচ্ছে, ‘হার্ড ইমিউনিটি’ অর্জিত না হচ্ছে, তত দিন মাস্ক পরার মতো সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর আরেকটি নির্দেশিকায় বলা হয়, যাদের দুটি টিকা নেওয়া আছে তাদের রাস্তায় আর মাস্ক পরতে হবে না।