স্পোর্টস রিপোর্টার
মাঠে মেজাজ হারানোর কারণে জরিমানা গুনতে হলো তাসকিন আহমেদ ও ব্লেসিং মুজারাবানিকে। হারারে টেস্টের দ্বিতীয় দিনে মুখোমুখি হয়ে দুই জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। মুজারাবানির স্লেজিং থেকে ঘটনার সূত্রপাত হলেও জরিমানা করা হয়েছে তাসকিনকেও। আচরণবিধির লেভেল-১ ধারা ভঙ্গ করেছেন তারা। দুই জনকেই ম্যাচ ফির ১৫ ভাগ জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তাদের নামের পাশে।
বাংলাদেশের প্রথম ইনিংসের ৮৫তম ওভারে মুজারাবানির বলটা ছিল দুর্দান্ত, শেষ মুহূর্তে ব্যাট সরিয়ে নেন তাসকিন। জিম্বাবুয়ের পেসার এগিয়ে এসে কিছু বলছিলেন, ফিরে তাকিয়ে তাসকিনও জবাব দেন। দুই জন মুখোমুখি দাঁড়িয়ে যান। তাসকিনের হেলমেটের গ্রিলে মুখ ঠেসে দাঁড়ান মুজারাবানি, চলে কথার লড়াই। পরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে দুই ক্রিকেটারই দ্বায় স্বীকার করেছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। যদিও দিন শেষে তাসকিন বলেছিলেন, তাকে গালি দিয়েছিলেন মুজারাবানি। গালি না দিয়ে বল হাতে কিছু করতে বলেছেন বাংলাদেশের পেসার।