নরসিংদী শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে আলোক বালী ইউনিয়নের অবস্থান। মেঘনা নদীর মাঝে ভেসে ওঠা একটি চরাঞ্চল। আধুনিক সেবা তো দূরের কথা, দীর্ঘদিন এই গ্রামের মানুষ বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত ছিল। গত কয়েক বছর আগে ইউনিয়নের মানুষ বিদ্যুত্ পায়। কিন্তু আধুনিক মানসম্মত অনলাইন সেবা থেকে আজও তারা বঞ্চিত। বর্তমান ডিজিটালাইজেশনের যুগে অনলাইন জন্মনিবন্ধন কার্যক্রম একটি ভালো উদ্যোগ। কিন্তু আমাদের ইউনিয়নবাসীর জন্য তা এক নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। জন্মনিবন্ধনের জন্য ঘুরতে হয় মাসের পর মাস, বছরের পর বছর। তার পরও সমাধান হয় না। সংশ্লিষ্ট কর্মকর্তারা এর মাধ্যমে সাধারণ জনগণ থেকে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। ফলে ভোগান্তির মধ্যে দিন যাপন করছে নিম্নবিত্তের মানুষ। উক্ত সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করছি।
আতিক আহসান, আলোক বালী ইউনিয়ন, নরসিংদী