প্রাণঘাতী করোনার হানা বেড়েই চলেছে বিশ্বজুড়ে। সেই সাথে বাড়ছে ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে করোনার বিস্তার রোধে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। দ্য ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে জানায়, শুক্রবার এক বৈঠক শেষে করোনা টাস্কফোর্সের সরকারি এক কর্মকর্তা এ ঘোষণা দেন। আগামিকাল সোমবার থেকে কারফিউ কার্যকর হবে।
জানা যায়, প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। নির্ধারিত এই সময়ে লোকজনকে ঘরে থেকেই কাজ করতে হবে, বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া নিষেধ। এছাড়া সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিক্স স্টোর খোলা থাকতে পারলেও অন্য সব দোকান বন্ধ থাকবে। আর শপিংমলগুলো রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। পাঁচ জনের বেশি মানুষ একত্র হতে পারবেন না। আর রাত ৯টা থেকে বন্ধ থাকবে গণপরিবহন।
থাইল্যান্ডে নতুন করে ৯ হাজার ২৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং ৭২ জনের মৃত্যু হয়েছে। গত এপ্রিল থেকে দেশটিতে করোনার তৃতীয় ঢেউ চলছে। কর্তৃপক্ষ বলেছে, লোকজনকে ঘরে থেকেই কাজ করতে হবে। কোভিড-১৯ টাস্কফোর্সের সহকারী মুখপাত্র আপিসামাই শ্রীরেংসন বলেন, ‘এসব এলাকার লোকজন, যাদের সর্বোচ্চ বিধিনিষেধের মধ্যে দিয়ে যেতে হবে, তাদের এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। কিন্তু এই পদক্ষেপ করোনাকে নিয়ন্ত্রণে রাখতে বেশ কার্যকর ফল দেবে। থাইল্যান্ড অবশ্যই জয়ী হবে।’
নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, অপ্রয়োজনে বের হওয়া নিষেধ। এদিকে রাত্রিকালীন কারফিউ বাদেও দিনের বেলা চলাচলের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব গণপরিবহন। অফিস-আদালতের কার্যক্রম চলছে ঘর থেকেই। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার ক্ষেত্রে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা।