আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মর্মান্তিক ঐ ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিষয়টি মনিটর করছেন।
গতকাল শনিবার বঙ্গবন্ধু আদর্শ ফোরামের দেড়যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে মর্যাদাশীল করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। আর মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর অসীম সাহসে দেশে বাস্তবায়িত হচ্ছে একের পর এক মেগা প্রকল্প। নির্মাণের শেষ প্রান্তে স্বপ্নের পদ্মা সেতু। দৃশ্যমান হয়েছে দেশের প্রথম মেট্রোরেল আর এগিয়ে চলছে কর্ণফুলীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেলের নির্মাণকাজ।
সেতুমন্ত্রী বলেন, মাতার বাড়ি প্রজেক্ট, রূপপুর পরমাণু বিদ্যুত্ প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চার লেনের মহাসড়ক, বিআরটিসহ একাধিক মেগা প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। বাংলাদেশে এখন মাথাপিছু আয় ২ হাজার ২০০ ডলার ছাড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ৪৬ বিলিয়ন মার্কিন ডলার। ওবায়দুল কাদের বলেন, এতসব উন্নয়ন অর্জন একটি দল দেখতে পায় না। শেখ হাসিনার উন্নয়ন অর্জন দেখলে এক শ্রেণির বুদ্ধিজীবী রাজনীতিবিদের গাত্রদাহ হয়। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখতে পায়। ওবায়দুল কাদের বলেন, বিশ্ব এখন করোনা বিরোধী লড়াইয়ে অবতীর্ণ। জগতের সমৃদ্ধ দেশগুলোও করোনার অভিঘাত মোকাবিলায় হিমশিম খাচ্ছে। সংক্রমণ ও মৃত্যুহার উচ্চমাত্রা পেয়েছে। বিশেষজ্ঞগণ চলমান ধারা অব্যাহত থাকলে পরিস্থিতি আরো ভয়ানক হবে বলে আশঙ্কা করছেন। এমতাবস্থায় মানুষের জীবন ও জীবিকার সুরক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। অসহায় খেটে খাওয়া মানুষের সুরক্ষা এবং সংক্রমণ রোধ এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, এ চ্যালেঞ্জিং কাজে সরকারের প্রচেষ্টা তখনই সফল হবে যদি সবাই সংকটের ভয়াবহতা উপলব্ধি করে এবং সচেতনতার সর্বোচ্চ মাত্রা অনুসরণ করে।
বঙ্গবন্ধু আদর্শ ফোরামের সভাপতি নাট্যজন আতাউর রহমানের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি আরো বক্তব্য রাখেন এফবিসিসিআইর পরিচালক শমী কায়সার, কবি অসীম সাহা, সংগঠনের সাধারণ সম্পাদক বাদল চৌধুরী প্রমুখ।