মেলান্দহে যুবলীগের সেক্রেটারি গ্রেফতার

জামালপুরের মেলান্দহে নকল ব্যান্ডরোল ব্যবহারের দায়ে গ্রেফতারকৃত বাদশা বিড়ির মালিক শাহীন বাঘার বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃত শাহীন বাঘা মেলান্দহ যুবলীগের সাধারণ সম্পাদক। র্যাব-১৪-এর প্রেস ব্রিফিং-এ কথা জানানো হয়।

জানা গেছে, মেলান্দহ পৌরসভার নয়ানগরস্থ দিঘলবাড়ী এলাকায় বাদশা বিড়ি ফ্যাক্টরি নকল ব্যান্ডরোল ব্যবহারের মাধ্যমে শুল্ক ও কর ফাঁকি দিয়ে আসছিল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এবং সহকারী স্কোয়াড্রন (এএসপি) এম এম সবুজ রানার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে     তাকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় ৪ লাখ ৬২ হাজার ৫০০ নকল ব্যান্ডরোল সম্বলিত বিড়ি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা। ঐদিন র্যাবের ডিএডি রাশেদুজ্জামান বাদী হয়ে গ্রেফতারকৃত শাহীন বাঘার বিরুদ্ধে মেলান্দহ থানায় কর ফাঁকির অভিযোগে মামলা করেন। অফিসার ইনচার্জ মায়নুল ইসলাম জানান, শাহীন বাঘাকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে।