হাতিয়া চ্যানেলে ডুবে গেছে পণ্যবাহী লাইটারেজ জাহাজ

চট্টগ্রাম অফিস

সাগরে ডুবন্ত জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ‘এমভি ফুলতলা-১’ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে সিমেন্ট শিল্পের কাঁচামাল বোঝাই ছিল। গতকাল শনিবার হাতিয়া নতুন চ্যানেলের কাছে এ দুর্ঘটনা ঘটে। লাইটারেজ জাহাজে থাকা সব নাবিক নিরাপদে রয়েছেন।

বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নবী আলম জানান, ডুবন্ত জাহাজের সঙ্গে পণ্যবোঝাই লাইটারেজ জাহাজটি ধাক্কা লেগে কাত হয়ে ডুবে যায়। সম্প্রতি সময়ে ঐ স্থানে আরো চারটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। বিআইডব্লিউটিএকে ডুবে যাওয়া বলগেটের স্থানে বয়া দিয়ে মার্কিং করার জন্য অনেকবার বলা হয়েছে। কিন্তু এ ব্যাপারে তাদের কোনো উদ্যোগের দেখা নেই। নাবিকরা সবাই নিরাপদে রয়েছেন। দুর্ঘটনাকবলিত লাইটারেজ জাহাজটি চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে ঢাকার নারায়ণগঞ্জ যাচ্ছিল।