ব্রাজিল-আর্জেন্টিনা সতর্ক করতে পুলিশের মাইকিং

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সমর্থকদের সতর্ক করতে মাইকিং করছে পুলিশ। শনিবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে সদর মডেল থানা পুলিশের উদ্যোগে মাইকিং করা হচ্ছে। মাইকিংয়ে জরুরি ঘোষণায় বলা হচ্ছে—‘১১ জুলাই আর্জেন্টিনা ও ব্রাজিলের কোপা আমেরিকা ফাইনাল খেলা হতে যাচ্ছে। উক্ত খেলাটি বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর লকডাইন চলছে। এমতাবস্থায় প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় উন্মুক্ত স্থানে, হাটবাজার, রাস্তার মোড়, হোটেল-রেস্টুরেন্টে, চায়ের দোকান, পাড়ামহল্লায় ঘরবাড়িতে বন্ধুবান্ধব একত্রিত হয়ে, গণজমায়েত করে ফুটবল খেলা দেখতে পারবেন না। নিজ নিজ বাসায় বসে খেলা উপভোগ করার জন্যে সবাইকে অনুরোধ করা গেল। খেলা শেষে আনন্দ মিছিল, পটকা-আতশবাজি ফুটানো সম্পূর্ণ নিষেধ। করোনা ভাইরাস           প্রতিরোধে আরো সচেতন হোন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না এবং অবশ্যই মাস্ক পরিধান করবেন।’

সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম জানান, সদর মডেল থানার ধামচাইল এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর আমরা এমন পরিস্থিতি যাতে না হয় সেজন্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছি। উল্লেখ্য, গত ৬ জুলাই ঐ সংঘর্ষের ঘটনায় চার জন আহত হন।