ইত্তেফাক ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় ৪২ শতাংশ অর্থাত্ ৩৩ জন মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। শুধু তাই নয়, তাদের মধ্যে আবার ২৪ জন অর্থাত্ ৩১ শতাংশের বিরুদ্ধে রয়েছে খুন, খুনের চেষ্টা এবং ডাকাতির মতো গুরুতর অভিযোগ। চলতি সপ্তাহে মোদি মন্ত্রিসভার রদবদল এবং সম্প্রসারণের পর এই রিপোর্ট প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ মোট ৭৮ জন মন্ত্রীকে নিয়ে তৈরি হয়েছে কেন্দ্রের নতুন মন্ত্রিসভা। তার মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদে রয়েছেন ২৮ জন। বুধবার নতুন মন্ত্রিসভার ঘোষণা এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই মন্ত্রীদের নির্বাচনি হলফনামার তথ্য তুলে ধরে এই রিপোর্ট প্রকাশ করেছে পর্যবেক্ষণ সংস্থা এডিআর।
রিপোর্টে বলা হয়েছে, মোদির নতুন মন্ত্রিসভার ৯০ শতাংশ অর্থাত্ ৭০ জন মন্ত্রীই কোটিপতি। তাদের মধ্যে আবার চার জনের সম্পত্তির পরিমাণ ৫০ কোটি রুপির বেশি। বেসামরিক বিমান পরিষেবা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নতুন মুখ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সম্পত্তির পরিমাণ ৩৭৯ কোটি। তালিকায় তার পরেই রয়েছেন পীযূষ গয়াল (৯৫ কোটি), নারায়ণ রাণে (৮৭ কোটি), রাজীব চন্দ্রশেখর (৬৪ কোটি)। নতুন মন্ত্রিসভায় যাদের সম্পত্তির পরিমাণ সবচেয়ে কম তাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের এমপি জন বার্লা (১৪ লাখের বেশি), ত্রিপুরার প্রতিমা ভৌমিক (৬ লাখের বেশি), রাজস্থানের কৈলাস চৌধুরি এবং ওড়িশার বিশ্বেশ্বর টুডু।