ইত্তেফাক রিপোর্ট
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিক হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কর্মজীবী নারী। একই সঙ্গে সংগঠনটি হতাহতের পরিবারের যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছে। গতকাল এক বিবৃতিতে কর্মজীবী নারীর সভাপতি ড. প্রতিমা পাল মজুমদার, সাধারণ সম্পাদক শারমিন কবীর, সহসভাপতি উম্মে হাসান ঝলমলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, রানা প্লাজা, তাজরীন গার্মেন্টস, টেম্পাকোসহ একের পর এক কারখানা দুর্ঘটনায় হাজার হাজার শ্রমিকের প্রাণহানি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি। কোনো দৃষ্টান্তমূলক বিচার না হওয়ার কারণেই দেশের শিল্পমালিকেরা শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। সংগঠনের নেতৃবৃন্দ সেজান জুস কারখানায় নিহত ও নিখোঁজ শ্রমিকদের আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান, আহত শ্রমিকদের তাত্ক্ষণিক আর্থিক সহায়তা, বিনা মূল্যে চিকিত্সাসেবা প্রদান এবং শিশুশ্রম বন্ধসহ এ ধরনের ঘটনা বন্ধে এবং শ্রমিকদের জন্য সুষ্ঠু ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে সরকারের কাছে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।