খুদে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিয়ন্ডগ্রেডস কর্মসূচি শুরু

সৃজনশীলতা, উদ্ভাবন ও নেতৃত্ব—এই তিন বিষয়ে ১৩ থেকে ১৮ বছর বয়সি শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তাসুলভ মনোভাব সৃষ্টির লক্ষ্যে কর্মশালাভিত্তিক কর্মসূচি বিয়ন্ডগ্রেডসের যাত্রা শুরু হলো। অরাজনৈতিক প্ল্যাটফরম ইএমকে সেন্টার ও সরকারের এটুআই প্রকল্পের সহায়তায় সম্প্রতি এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের ৩০ জন শিক্ষার্থী নিয়ে বিয়ন্ডগ্রেডস প্রথম ব্যাচের অনলাইন কর্মশালা শুরু হয়। তিন মাসব্যাপী চলা এই আয়োজনে ২০টি ক্লাস নেওয়া হবে। বিয়ন্ডগ্রেডের প্রাথমিক লক্ষ্য হলো ১০টি স্কুলে ৩০০ জন শিক্ষার্থীকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রেজলিউশন প্রকল্পের সিইও এবং বিয়ন্ডগ্রেডের উপদেষ্টা জর্জ সিয়াস্তিস বলেন, ‘এটি একটি উদ্ভাবনী গ্রোগ্রাম। এই কর্মসূচির মূল বিষয় হলো শিক্ষার্থীদের নতুন কিছু শেখার সুযোগ দেওয়া, যা শিক্ষার্থীদের নিজের কৌতূহল এবং বিশ্বকে জানতে ও বুঝতে সাহায্য করবে।’ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইএমকে সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক আসিফ উদ্দিন আহমেদ, ইউএনডিপি এক্সিলারেটর ল্যাবের প্রধান এম এম জিমরান খান, এটুআইয়ের সামাজিক উদ্ভাবন ক্লাস্টারের প্রধান মানিক মাহমুদ, বিয়ন্ডগ্রেডের প্রোগ্রাম লিড ওয়াহিদ হোসেন ও প্রশিক্ষণার্থী সাইফা। —সংবাদ বিজ্ঞপ্তি