হাসপাতালের তথ্য প্রদানে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় টিআইবি

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা জেলা সিভিল সার্জন স্বাক্ষরিত এক আদেশে সরকারি হাসপাতালসমূহে কোভিড-১৯ মহামারিকালে গণমাধ্যমের কাছে রোগী ও স্বাস্থ্য সেবাবিষয়ক তথ্য আদান-প্রদানে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাতে গভীর উদ্বেগ জানিয়ে অবিলম্বে এই নির্দেশনা বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শুধু তাই নয়, কাদের স্বার্থে এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হলো, তা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গতকাল শনিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এই নিষেধাজ্ঞা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক এবং গণমাধ্যমের অবাধ তথ্য সংগ্রহ ও প্রচারে ইচ্ছাকৃতভাবে বাধা প্রদানের শামিল। তিনি বলেন, আদেশে সূত্র হিসেবে সিভিল সার্জন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার কথা বলেছেন তারা কারা? কী উদ্দেশ্যে স্থানীয়ভাবে তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করতে চাইছেন? এটি অতিমারি নিয়ন্ত্রণে কি সুফল বয়ে আনবে? এগুলো জরুরি ভিত্তিতে পরিষ্কার করতে হবে এবং বারবার এ ধরনের বিধিনিষেধ আরোপের অশুভ প্রয়াস বন্ধে এখনই উদ্যোগ নিতে হবে।

টিআইবির নির্বাহী পরিচালক আরো বলেন, এ নির্দেশনা জারির পরদিনই স্বাস্থ্য অধিদপ্তর ১০টির বেশি জাতীয় দৈনিকে রাষ্ট্রীয় তথা জনগণের অর্থব্যয়ে ‘করোনার ভয়াবহতা ঠেকাতে বিধিনিষেধ আন্তরিক ও কঠোরভাবে পালনের আকুল আবেদন’ শীর্ষক বিজ্ঞাপন প্রকাশ করে। সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যখাতে কোনো অনিয়ম-দুর্নীতি সংঘটিত হয়নি বলে সেখানে সাফাই গাইবার অপচেষ্টা করা হয়েছে।