ইত্তেফাক ডেস্ক
ভূমধ্যসাগর থেকে আবারো বাংলাদেশি নাগরিক উদ্ধারের ঘটনা ঘটেছে। তিউনিসিয়ার নৌবাহিনী ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৪৯ জন বাংলাদেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে। এরা লিবিয়া থেকে ইউরোপ যাচ্ছিল। গত বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয়। তিউনিসিয়ার নৌবাহিনীর বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাপ শুক্রবার এ কথা জানিয়েছে।
তিউনিসিয়ার নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ৪৯ জন বাংলাদেশি ৫ জুলাই লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপ যেতে ভূমধ্যসাগরে একটি নৌকায় চড়ে বসে। যাত্রার তিন দিন পর তিউনিসিয়ার জারজিস উপকূল থেকে ৮০ মাইল দূরে নৌকাটি ভেঙে গেলে ওই ৪৯ জন বাংলাদেশি একটি তেলের ট্যাংকারে আশ্রয় নেন। সেখান থেকে তিউনিসিয়ার নৌবাহিনীর একদল সদস্য তাদের উদ্ধার করে জারজিসে নিয়ে যায়।
এর আগে ৩ জুলাই লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বাংলাদেশ, মিসরসহ ৪টি দেশের অন্তত ৪৩ জন অভিবাসী ও শরণার্থীসহ ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে যায়। বাংলাদেশিসহ ওই ৪৩ জনের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি।