একই সঙ্গে করোনার আলফা-বিটা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

বেলজিয়ামে একই সঙ্গে করোনার আলফা ও বিটা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে ৯০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রবিবার (১১ জুলাই) এ তথ্য জানিয়েছেন গবেষকরা। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ টিকা গ্রহণ করেননি এই বৃদ্ধা। গত মার্চ মাসে অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যালস্ট শহরের ওএলভি হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষা করলে দেখা যায় তিনি করোনা পজিটিভ।

প্রথম দিকে তার শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে অবস্থার অবনতি হয়। পাঁচদিন পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

যখন স্বাস্থ্যকর্মীরা ভ্যারিয়েন্টের উপস্থিতির জন্য পরীক্ষা করেন তখন তারা দেখতে পান, এই বৃদ্ধা করোনার আলফা ও বিটা উভয়ই ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন। আলফা প্রথমে শনাক্ত হয় ব্রিটেনে এবং বিটা পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায়।

গবেষণার নেতৃত্ব দেওয়া ওএলভি হাসপাতালের আণবিক জীববিজ্ঞানী আন ভ্যানকিরবার্গেন বলেন, এই মুহূর্তে বেলজিয়ামে করোনার দুটি রূপই দেখা দিয়েছে এবং মনে হচ্ছে দু’জন আলাদা ব্যক্তির কাছ থেকে বৃদ্ধার শরীরে ভাইরাসটি ছড়িয়েছে। দুর্ভাগ্যক্রমে, আমরা জানি না তিনি কীভাবে এটিতে আক্রান্ত হলেন।

ইত্তেফাক/টিএ