যে নিয়ম ভাঙলে ভিডিও মুছে দেবে টিকটক!

ভিডিও পোষ্ট করার ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টিকটক। আর এই নিয়ম এতটাই জোরদার করা হবে যে, এই নিয়ম না মানলে ব্যবহারকারীর পোষ্ট করা ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে বলে জানিয়েছে প্রযুক্তি বিশ্বে দ্রুত জনপ্রিয় পাওয়া এই প্ল্যাটফর্মটি। 

মার্কিন বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়,  ভুল তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য ঠেকাতে না পারায় গোটা বিশ্বেই তোপের মুখে রয়েছে সামাজিক বিনোদনের মাধ্যমগুলো। আর সেখানে নিজেদের অবস্থান নিরাপদ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স।

বাইটডান্স জানায়, প্রাপ্ত বয়স্কদের নগ্নতা। যৌন বিষয়ক কর্মকাণ্ড, অবৈধ কার্যক্রম, নিষিদ্ধ পণ্য সহিংসতা অথবা গ্রাফিক্যাল ভিডিও । এমন কোন ভিডিও যেটি সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সেই কর্মকাণ্ডের ভিডিও স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেওয়া হবে।

প্রতিবেদনটিতে আরো বলা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নির্দিষ্ট কিছু ধরনের কনটেন্টের জন্য নতুন প্রক্রিয়া নিয়ে আসবে টিকটক। যেখানে স্বয়ংক্রিয়ভাবে মুছে দেওয়া প্রক্রিয়া পরীক্ষা শুরু করবে তারা। 

বর্তমানে প্ল্যাটফর্মটিতে আপলোড হওয়া ভিডিওগুলোর মধ্যে কোনো কোন কন্টেন্ট নীতিমালা লঙ্ঘন করছে মনে করলে তা টিকটকের প্রযুক্তি প্রথমে শনাক্ত করে এবং সেটিকে ফ্ল্যাগ করে রাখে। এরপর টিকটকের নিরাপত্তা দলের সদস্যরা সে ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষন করে দেখেন। পর্যবেক্ষণে কোনো আপত্তিকর কিছু পাওয়া গেলে তা ডিলিট করা হয়। এরপর ব্যবহাকারীকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

তবে এই নিয়ম জারির পর থেকে প্রথম লঙ্ঘনের পর টিকটক সতর্কতামূলক বার্তা পাঠাবে। কিন্তু ক্রমাগত লঙ্ঘন হতে থাকলে ব্যবহারকারীকে অবহিত করা হবে এবং অ্যাকাউন্ট এক পর্যায়ে স্থায়ীভাবে মুছে দেওয়া হবে।

প্রসঙ্গত, নীতিমালা ভঙ্গের কারণে চলতি বছরের প্রথম তিন মাসে ছয় কোটি ২০ লাখ ভিডিও সরিয়েছিল টিকটক। যার মধ্যে প্রায় ৮৫ লাখ ভিডিও ছিল মার্কিন ব্যবহারকারীদের।

 

ইত্তেফাক/আরকে