কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কটিয়াদীতে নিখোঁজের এক দিন পর মো. মহরম আলী (৪৩) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চুকাইতলা এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মহরম আলীর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামের মো. ফতে আলীর ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন মহরম আলী। কটিয়াদী থানার ওসি এস এম শাহাদাত হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।