নাইক্ষ্যংছড়িতে ডায়রিয়ার প্রাদুর্ভাব

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম কুরিক্ষ্যং ম্রো পাড়ায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দোছড়ি ইউনিয়নের দুর্গম কুরিক্ষ্যং ম্রো পাড়ায় গত মঙ্গলবার থেকে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। ইতিমধ্যে আক্রান্ত ১৪ জনকে নাইক্ষ্যংছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মোহাম্মদ ছলিম জানান, পাঁচ সদস্যের চিকিত্সকের একটি প্রতিনিধি দল ডায়রিয়া আক্রান্ত এলাকায় পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিত্সাধীন ব্যক্তিরা সবাই সুস্থ আছেন। হাসপাতালে ভর্তি পাড়া কার্বারী কাইপ্রু ম্রো জানান, বৃহস্পতিবার বিকালে কাইংপ্রু ম্রো ৪৭ নামের এক নারী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। গত জুন মাসের মাঝামাঝিতে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম ম্রো পাড়ায় ডায়রিয়া আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়।