সংবাদ সংক্ষেপ

বান্দরবানে ১০ দিনে ৩৩০ মামলা

বান্দরবান প্রতিনিধি বান্দরবানে কঠোর লকডাউন বাস্তবায়নে ১ জুলাই থেকে ১০ জুলাই ১০ দিনে জেলা সদরসহ সাতটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩৩০টি মামলা দায়ের করেছে। এসব মামলায় ১ লাখ ১৮ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৮টি ভ্রাম্যমাণ আদালতকে লকডাউন বাস্তবায়নে সহায়তা করছে বিজিবি, র্যাব, সেনাবাহিনী ও স্কাউটের সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সরকারঘোষিত লকডাউন কার্যকর করতে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি বিনামূল্যে মাস্ক দিচ্ছি।

শ্রমিকদের মধ্যে সহায়তা বিতরণ 

স্টাফ রির্পোটার, রংপুর রংপুরে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ১ হাজার  মোটরশ্রমিকের মধ্যে শনিবার প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেছে রংপুর জেলা প্রশাসন। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে কর্মহীন মোটরশ্রমিকদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। শ্রমিকদের হাতে সহায়তা তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রব্বানী।

বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনাসভা

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে রবিবার দুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মো. আলকামাহ্ তমালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি।

নাসিরনগরে মাস্ক ও লিফলেট বিতরণ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাত নাসিরনগরে উপজেলা যুবলীগের উদ্যোগে রবিবার মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম ভার্চুয়ালি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

অনলাইন পণ্য মেলা উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট জেলা বিসিক কার্যালয়ের আয়োজনে ১৫ দিনব্যাপী বিসিক অনলাইন পণ্য মেলা রবিবার উদ্বোধন করা হয়েছে। মেলা উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোশ্তাক হাসান। এ উপলক্ষ্যে আলোচনাসভায় বক্তব্য রাখেন বিসিক প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন পরিচালক মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী, রাজশাহী বিসিক আঞ্চলিক পরিচালক রেজাউল আলম সরকার প্রমুখ।

দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা

মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা পানিতে ডুবে এক সঙ্গে নিহত দুই ভাইবোনের পরিবারকে রবিবার আর্থিক সহায়তা দিয়েছে মহালছড়ি জোনের সেনাবাহিনী। মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন পিএসসি, উপজেলার পাকুজ্যাছড়ি জামতলা গ্রামে মারা যাওয়া দুই শিশুর বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং তাদের বাবা সুপায়ন চাকমার কাছে আর্থিক সহায়তা প্রদান করেন।

ভাঙ্গুড়ায় হবে অক্সিজেন ব্যাংক

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা কোভিড-১৯ মোকাবিলায় ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হচ্ছে অক্সিজেন ব্যাংক। এ প্রকল্পের জন্য অর্থ সহযোগিতা দিচ্ছে ‘জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’ (জাইকা)। জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফেসেলিটেটর নিশিথ বরণ রায় নায়েক জানান, করোনা রোগীদের জন্য ‘অক্সিজেন সিলিন্ডার ব্যাংক নির্মাণ ও হাইফ্লো ন্যাজাল ক্যানোলা’ নামের এই প্রকল্পের জন্য জাইকা ৩৩ লাখ ৫০ হাজার ৫৭১ টাকা বরাদ্দ দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ভাঙ্গুড়া উপজেলা স্থানীয় সরকার বিভাগ।

দুস্থদের মধ্যে চাল বিতরণ

চাটমোহর (পাবনা) সংবাদদাতা প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে চাটমোহর পৌরসভায় রবিবার দুস্থদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো। এ সময় প্যানেল মেয়র এখলাছুর রহমান, উপজেলা সহকারী ইন্সট্রাক্টর কল্যাণ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

০