টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার মেঘনা রোডে অবস্থিত অনুমোদনহীন কোরবানির পশুর হাট বন্ধের দাবিতে স্থানীয় মিলকারখানা মালিক ও শ্রমিকরা মানববন্ধন করেছেন। গতকাল রবিবার বেলা ১২টায় শ্রমিকরা সড়কে এই মানববন্ধন পালন করেন। মানববন্ধনকারীরা অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা মেঘনা রোড বন্ধ করে সড়কের চারপাশ জুড়ে পশুর হাটের গেট নির্মাণ করেছেন। এই হাট বসানো হলে একদিকে আমাদের কারখানা বন্ধ হয়ে যাবে, অন্যদিকে এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে। ইজারাদাররা সরকারি অনুমতি ছাড়াই তাদের প্রভাব দেখিয়ে হাটের প্রস্তুতি নিচ্ছেন। মেঘনা টেক্সটাইল মিলের পরিচালক মিজানুর রহমান বলেন, এই সড়ক বন্ধ করে গরুর হাট বসানো হলে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে।