মিরসরাই থেকে ১৮ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম অফিস

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গাকে মিরসরাইয়ের ডাবরখালী বঙ্গবন্ধু ইকোনমিক জোন এলাকা থেকে আটক করা হয়েছে। গতকাল রবিবার সকালে জোরারগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে তাদের আটক করে। এদের মধ্যে ১৪ জন নারী ও শিশু রয়েছে।

পুলিশ জানায়, রোহিঙ্গারা ভাসানচর থেকে সাগরপথে মাছ ধরার ট্রলারে করে পালিয়ে মিরসরাই উপকূলে আসে। তাদের গন্তব্য ছিল কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প। জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, ৯৯৯ থেকে কল পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সাত জন শিশু, সাত জন নারী ও চার জন পুরুষসহ ১৮ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

ভাসানচর থেকে পালানোর সময়

পাঁচ রোহিঙ্গাসহ আটক ৭

এদিকে হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা জানান, হাতিয়া উপজেলাধীন ভাসারচর থেকে শনিবার রাতে নৌকাযোগে পালানোর সময় মেঘনা নদী থেকে পাঁচ রোহিঙ্গাসহ সাত জনকে আটক করে ভাসানচরে কর্মরত কোস্টগার্ড সদস্যরা। রবিবার দুপুরে কোস্টগার্ড সদস্য রাশেদুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে ভাসানচর থানায় একটি মামলা করেন বলে জানান ওসি রফিকুল ইসলাম। আটককৃত রোহিঙ্গারা হচ্ছে—আবদুস সুকুর, হাবিব উল্যাহ, নুরুল আমিন, নয়ন উদ্দিন, নুর কবির এবং নৌকার মাঝি আলাউদ্দিন ও জিল্লুর রহমান।