খালেদাকে বিদেশে সুচিকিত্সার সুযোগ না দেওয়া মানবাধিকার লঙ্ঘন :বিএনপি

ইত্তেফাক রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ বেআইনিভাবে সাজা দিয়ে আটকে রেখে বিদেশে সুচিকিত্সার সুযোগ না দেওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন বলে অভিযোগ করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গত শনিবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে গিয়ে গতকাল রবিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। সভায় আরো অংশ নেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান এবং  ইকবাল হাসান মাহমুদ টুকু।

মির্জা ফখরুল জানান, কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতীয় মানবাধিকার সংগঠন বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকারের জনগণের মৌলিক অধিকার হরণ, সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুমের ঘটনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে বলে মতামত প্রকাশ করেছে। স্থায়ী কমিটি মনে করে, যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে এটাই প্রতীয়মান হয় যে, খালেদা জিয়াকে সম্পূর্ণ বেআইনিভাবে সাজা দিয়ে তাকে আটক রাখা হয়েছে। এমন কি সুচিকিত্সার জন্য তাকে বিদেশে চিকিত্সার সুযোগ দেওয়া হচ্ছে না। এটা গুরুতর মানবাধিকার লঙ্ঘন।

মির্জা ফখরুল বলেন, করোনার মাধ্যমে সরকার মহাদুর্নীতির প্রজেক্ট খুলেছে। সরকারের চরম অব্যবস্থাপনার কারণেই করোনাকালে দেশ জুড়ে ভয়াবহ রূপ ফুটে উঠছে। তিনি আরো বলেন, রূপগঞ্জের ‘হাশেম ফুড অ্যান্ড বেভারেজ’ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি হত্যার পর্যায়ে পড়ে। শিল্প মন্ত্রণালয়ের অধিনস্থ সংশ্লিষ্ট সংস্থা কলকারখানার নির্মাণ মান, পরিবেশ এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা, নিয়মিত পরিদর্শন ও নজরদারি না করার কারণেই এবং প্রশাসনিক দুর্বলতার কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প নামের আড়ালে উপহারের ঘর নির্মাণে ‘হরিলুট’ চলছে। ঠাকুরগাঁওয়ে ইত্তেফাকের সাংবাদিক তানভীর হাসান তানুকে ডিজিটাল আইনে গ্রেফতারের নিন্দা জানান তিনি। করোনায় জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্থানীয় সরকার নির্বাচন স্থগিত রাখতে ইসির প্রতি আহ্বান জানান ফখরুল ইসলাম আলমগীর।