পৃথক সড়ক দুর্ঘটনায় ননদ-ভাবিসহ ছয় জন নিহত

লামায় বালুবাহী ট্রাকচাপায় ননদ-ভাবিসহ তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে আরো তিন জন নিহত হয়েছেন। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

লামা (বান্দরবান) :বান্দরবানে লামায় মিরিঞ্জা পাহাড়ের বালুবাহী ট্রাকের চাপায় ননদ-ভাবিসহ তিন জন নিহত ও আহত হয়েছেন আরো তিন জন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল লামা-চকরিয়া মহাসড়কের পশ্চিম লাইনঝিরি মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ একটি মাহেন্দ্রের ছয় যাত্রীকে নামিয়ে সড়কের ওপর দাঁড় করিয়ে রাখা অবস্থাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজ কারবারি পাড়ার গোবিন্দ্র দের স্ত্রী চিনু দে (৩৫) এবং তার ননদ শুভ দাশের স্ত্রী রূপসী দে প্রকাশ অপসী ও মছিদিয়া গ্রামের মুক্তার আহম্মেদ (৪৫)।

গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুর-তারাকান্দায় পিকআপচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে তারাকান্দা উপজেলার গজহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার নান্দাইল উপজেলার মৃত আব্দুল হালিমের ছেলে আরিফ আহমেদ (২৫) ও নেত্রকোনা সদর উপজেলার  হোসেন আলীর ছেলে আরাফাত ইসলাম আনান (২৪)।

মুক্তাগাছা (ময়মনসিংহ) : ট্রাক-ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কাশেম (৩৫) নামে এক জন নিহত হয়েছেন। শনিবার ময়মনসিংহ-উত্তরবঙ্গ সড়কের মুক্তাগাছার বানারপাড় ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। অটোরিকশার চালক কাশেম মধুপুর উপজেলার বাসিন্দা।