অনেক বার ট্রফির স্বপ্ন দেখেছি

ট্রফিতে নিবিষ্ট মনে চুমু এঁকে দিলেন। বহুল কাঙ্ক্ষিত ট্রফি উঁচিয়ে ধরে শিরোপা উত্সব করেছেন। স্বপ্নপূরণের উল্লাসে মাতোয়ারা লিওনেল মেসি।

গতকাল মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। মেসির নেতৃত্বে টুর্নামেন্টে ১৫তম বার ট্রফি জিতল আর্জেন্টিনা। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ট্রফির আনন্দ, দেশের হয়ে প্রথম বড় ট্রফি জিতে বর্ণনাতীত ভালোলাগায় ডুবেছেন মেসি। মারাকানায় স্বপ্ন জয়ের আনন্দে ভেসেছেন আর্জেন্টাইন খুদে ফুটবল জাদুকর। ট্রফির স্বপ্ন দেখতো জানিয়ে গতকাল ম্যাচ শেষে মেসি বলেছেন, ‘অনেক বার এটার (ট্রফি) স্বপ্ন দেখেছি। আমার পরিবার, স্ত্রী, সন্তান, বাবা, আমার ভাইয়েরা যারা অনেক ভুগেছে, আমার মতো বা এর চেয়ে বেশি, তাদের আমি এই শিরোপা উত্সর্গ করতে চাই। এতদিন কোনো কিছু না জিতেই আমরা ঘুরতে যেতাম, বিষণ্ন কতগুলো দিন কাটাতাম। তবে এবার সময়টা ভিন্ন।’

বার বার হতাশায় পুড়লেও মেসির মনের কোণে একটু বিশ্বাস সবসময়ই ছিল যে, দেশের হয়ে ট্রফি জিতবেন। সময়ের সেরা ফুটবলার বলেছেন, ‘জাতীয় দলের হয়ে কিছু অর্জনের জন্য একটি শিরোপার প্রয়োজন ছিল আমার। অনেক বছর ধরেই আমি এই প্রাপ্তির খুব কাছেই ছিলাম। আমি জানতাম, একটা সময় এই জায়গায় বদল আসবে, এমনটা (শিরোপা জয়) ঘটতে যাচ্ছে। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ ব্রাজিলের মাটিতে ব্রাজিলের বিপক্ষে এই মুহূর্তটি উপহার দিয়েছেন। তিনি সম্ভবত এই মুহূর্তটি আমার জন্য তুলে রেখেছিলেন।’

ট্রফির জয়ের আনন্দ প্রকাশ করতে গিয়ে মেসি বলেছেন, ‘যে আনন্দ আমি অনুভব করছি তা পাগলাটে, অবর্ণনীয়। অনেক বারই আমাকে বিষাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। আমি জানতাম যে, আমার সঙ্গে এমন কিছু ঘটবে, যেটার জন্য এর চেয়ে ভালো কোনো মুহূর্ত হতে পারে না। এই দলের এই অর্জন সত্যিই প্রাপ্য। অসাধারণ কিছু, খুবই খুশি।’