ঈদুল আজহা ২১ জুলাই

বাংলাদেশের আকাশে গতকাল রবিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ প্রথম জিলহজ। আগামী ২১ জুলাই বুধবার দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্যাপিত হবে। গতকাল বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

হিজরি জিলহজ মাসের ১০ তারিখ ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্যাপন করেন। কোভিড-১৯ (করোনা ভাইরাস) মহামারিতে বিধিনিষেধের মধ্যে এবার এ উত্সব উদ্যাপন করতে হতে পারে। শনিবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২০ জুলাই ঈদুল আজহা উদ্যাপিত হবে। হজ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। কোভিডের কারণে এ বছর সৌদি আরবের বাসিন্দা ও দেশটিতে বসবাসরত ৬০ হাজার লোক হজ করতে পারবেন। এবার ঈদে ২০, ২১ ও ২২ জুলাই সরকারি ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ জুলাই (শুক্র ও শনিবার)  রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে পাঁচ দিন ছুটি।

প্রসঙ্গত যে, আল্লাহতাআলার বিধানানুসারে যে চারটি  মাস পবিত্র ও সম্মানিত, তার একটি হলো জিলহজ মাস। আর এ মাসের সবচেয়ে উত্কৃষ্ট ও মর্যাদাপূর্ণ সময় হলো আশারায়ে জিলহজ বা জিলহজ মাসের প্রথম দশক। কোরআন হাদিসে এই দশকের বিশেষ ফজিলত এবং অসীম গুরুত্ব ও তাত্পর্যের কথা বর্ণিত হয়েছে। আল্লাহতাআলা বলেন, শপথ ভোরবেলার, শপথ ১০ রাত্রির।—সূরা ফজর (৮৯) : ১-২।

হজরত জাবির রা. হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সর্বোত্তম দিনগুলো হলো জিলহজের ১০ দিন। মহান আল্লাহর নিকট জিলহজ মাসের ১০ দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই।