টিকা কূটনীতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছে এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে কোভিডকালীন বাংলাদেশের বিভিন্ন দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনা ও সেবা প্রদানের বিষয়েও জানতে চাওয়া হয়েছে।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দঃ প্রিন্স, আব্দুল মজিদ খান, হাবিবে মিল্লাত ও নিজাম উদ্দিন জলিল (জন) অংশ নেন।
বৈঠকে বাংলাদেশে অবস্থিত ব্রুনাই দূতাবাসের জমি প্রাপ্তি নিয়ে আলোচনা হয়। মরক্কো ও দক্ষিণ কোরিয়ায় নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদের উপস্থাপিত কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। ভবিষ্যত্ বৈঠকের কার্যপত্র সংক্ষিপ্ত আকারে উপস্থাপনের পাশাপাশি প্রয়োজনীয় তথ্যগুলো বৈঠকের আগেই ই-মেইলে সংসদীয় কমিটির সদস্যদের কাছে পাঠানোর জন্য কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে। মরক্কো ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের সুপারিশ করে কমিটি।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মরক্কো প্রদত্ত শিক্ষাবিষয়ক বৃত্তিতে যেন মাদ্রাসা শিক্ষার্থীরাও সুযোগ নিতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করেছে। সমুদ্রপথে অবৈধভাবে বিদেশগমণ রোধে স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কঠোর পদক্ষেপ নিতে কমিটি মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে। ইথিওপিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের ফেরত আনার পাশাপাশি লেবানন ও ইতালির মিলানে অবস্থিত শ্রমিকদের স্বার্থসুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও বৈঠকে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।