আজ সিনোফার্ম ও কাল মডার্নার টিকাদান শুরু

সিনোফার্মের টিকা আজ সোমবার থেকে সারা দেশে দেওয়া শুরু হবে। এদিকে রাজধানী ঢাকাসহ সব সিটি করপোরেশন এলাকায় মডার্নার গণটিকাদান কর্মসূচি আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ঢাকা সিটি করপোরেশন এলাকার ৪০টি সরকারি হাসপাতাল এবং ঢাকার বাইরে সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে এই টিকা দেওয়া হবে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ কথা জানানো হয়। ইতিমধ্যে যারা রেজিস্ট্রেশন করেছেন এবং বয়সে অপেক্ষাকৃত প্রবীণ, তারা অগ্রাধিকার ভিত্তিতে টিকা নেওয়ার সুযোগ পাবেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিনোফার্মের টিকা আজ সোমবার থেকে সারা দেশে দেওয়া শুরু হবে। এখন ঢাকার সাতটি কেন্দে  প্রবাসীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। প্রবাসীরা আগামীকাল থেকে ঢাকা ছাড়াও দেশের বাকি সিটি করপোরেশন এলাকা থেকে মডার্নার টিকা নিতে পারবেন। ঢাকায় আসতে হবে না। পাশাপাশি সাধারণ নাগরিকও মডার্নার টিকা নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ যারা নিয়ে দ্বিতীয় ডোজ পাননি, তাদের আরেকটু অপেক্ষা করতে হবে। জুলাই বা আগস্ট মাসে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। ডা. শামসুল হক বলেন, ‘কেন্দ  পরিবর্তন করে এখন আর টিকা নেওয়ার ব্যবস্থা থাকছে না, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। যার যে কেন্দ  রয়েছে, সেই কেন্দ  থেকেই মোবাইল ফোনে এসএমএস দেওয়া হবে।’ টিকার জন্য রেজিস্ট্রেশন এখন খুলে দেওয়া হয়েছে এবং ৩৫ বছরের ঊর্ধ্বে যে  কেউ টিকার জন্য নিবন্ধন করতে পারবেন জানিয়ে তিনি বলেন, ‘নিবন্ধনের পর এসএমএস দেওয়া হবে এবং তারপর নির্দিষ্ট দিনে কেন্দে  গিয়ে টিকা নিতে পারবেন। আর যদি কেউ নির্দিষ্ট দিনের আগে অথবা পরে টিকা নিতে চেষ্টা করেন, তাহলে সবচেয়ে বড় সমস্যা হবে—টিকা নেওয়ার তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যভান্ডারে যাবে না। আর তথ্যভান্ডারে না গেলে টিকার দ্বিতীয় ডোজ এবং টিকার সার্টিফিকেট পেতে সমস্যা হবে।’ বিষয়টি সবাইকে বিশেষভাবে মনে রাখতে হবে জানিয়ে তিনি বলেন, ‘এটা খুবই জরুরি বিষয়।’